সংবাদ কলকাতা: কলকাতা থেকে আসানসোল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার রাতে দুর্ঘটনাটি চোখে পড়তেই গাড়ি থামিয়ে সাহায্যের জন্য এগিয়ে যান তিনি। পরে সমাজমাধ্যমে ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করে পথ নিরাপত্তা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান মন্ত্রী।
অগ্নিমিত্রার পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, রাস্তার ধারে এক মহিলা আহত অবস্থায় বসে রয়েছেন। তিনি সাহায্যের জন্য অনুরোধ করছেন। তাঁর পাশেই পড়ে রয়েছে এক ব্যক্তির দেহ। পরিস্থিতি দেখে অ্যাম্বুল্যান্সের জন্য অপেক্ষা না করে একটি পথচলতি পণ্যবাহী গাড়ি থামান অগ্নিমিত্রা। ওই ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। পরে অ্যাম্বুল্যান্সের সঙ্গে যোগাযোগ করে আহত মহিলাকেও উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
সমাজমাধ্যমে অগ্নিমিত্রা লেখেন, ‘আজ কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সম্মুখীন হই। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার সাধ্যমতো সাহায্য ও সহযোগিতা করার চেষ্টা করেছি।’
পাশাপাশি, পথ নিরাপত্তার বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করেছেন তিনি। অগ্নিমিত্রার কথায়, ‘সকলের কাছে আমার বিনীত আবেদন, রাস্তায় গাড়ি চালানোর সময় সর্বদা সতর্ক ও দায়িত্বশীল থাকুন। দু’চাকার গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন, গাড়িতে সিটবেল্ট ব্যবহার করুন এবং সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলুন।’
উৎসবের মরসুমে দুর্ঘটনা এড়াতে প্রত্যেককে দায়িত্বশীল হওয়ার বার্তাও দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘উৎসবের আনন্দ যেন কখনও কারও জীবনে দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। আপনার একটু সতর্কতা, আপনার নিজের এবং অন্যের জীবন বাঁচাতে পারে। সকলের দুর্গাপুজো নিরাপদ ও আনন্দময় হোক।’
অন্য দিকে, বুধবার সন্ধ্যায় হুগলির সিঙ্গুর থানা এলাকার ঘনশ্যামপুরে একটি বাইক দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই দুর্ঘটনায় এক বাইক আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত অবস্থায় অন্য আরোহীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের বাড়ি হুগলির গুড়াপ থানা এলাকায়।
তবে ঘনশ্যামপুরের দুর্ঘটনাটিই অগ্নিমিত্রা পালের ভিডিয়োয় দেখা দুর্ঘটনা কি না, তা স্পষ্ট নয়। মন্ত্রী তাঁর পোস্টে দুর্ঘটনার নির্দিষ্ট স্থান, সময় বা কী ভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি। ফলে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
previous post
