চেন্নাই— তামিলনাড়ুতে মেট্রো পরিষেবার সম্প্রসারণ এবং একাধিক পরিকাঠামো উন্নয়ন প্রকল্পকে সামনে রেখে রবিবার রাজ্য সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাইয়ে মেট্রো রেলের দ্বিতীয় পর্যায়ের নতুন করিডরের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি সড়ক, রেল ও শিক্ষা ক্ষেত্রের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচিও রয়েছে। সব মিলিয়ে এই সফরে ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী।
নতুন মেট্রো করিডরের উদ্বোধন ঘিরে চেন্নাইয়ে বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়। তাঁকে স্বাগত জানাতে হাজির হন প্রায় ৫০০ জন ভারতনাট্যম শিল্পী। উদ্বোধনের পর টিকিট কেটে মেট্রোয় সফর করেন মোদী। পরুর বাইপাস থেকে পুনামাল্লি পর্যন্ত নতুন করিডরে যাত্রা করেন তিনি ও মুখ্যমন্ত্রী। সোমবার থেকে এই পথে নিয়মিত যাত্রী পরিষেবা চালু হওয়ার কথা।
প্রায় ৪,৯০০ কোটি টাকা ব্যয়ে তৈরি ১৫ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোপথে রয়েছে ১১টি স্টেশন। করিডরের প্রায় ৩.৭ কিলোমিটার অংশে তৈরি হয়েছে ডবল ডেকার কাঠামো। আধুনিক সিগন্যালিং ব্যবস্থাও যুক্ত করা হয়েছে প্রকল্পে, যা ভবিষ্যতে চালকবিহীন মেট্রো পরিচালনার উপযোগী। নতুন পরিষেবা চালু হলে চেন্নাইয়ের পশ্চিমাঞ্চলের সঙ্গে শহরের অন্যান্য অংশের যোগাযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়কে যানজট কমানো এবং যাতায়াতের সময় বাঁচানোর ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
মেট্রো প্রকল্পের পাশাপাশি জাতীয় সড়ক ও রেল পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সফরে। প্রায় ৩,৭০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প এবং ৭৫০ কোটি টাকার রেল প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও আইআইটি মাদ্রাজের সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

সরকারি কর্মসূচির বাইরে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানেও যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। জলকণ্ডেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি একটি স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা।
চেন্নাইয়ের গণপরিবহণ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে জাতীয় সড়ক, রেল ও গবেষণার পরিকাঠামো— একাধিক ক্ষেত্রে উন্নয়নকে সামনে রেখেই এই সফর। নতুন মেট্রো করিডর চালু হলে শহরের যাতায়াত ব্যবস্থায় গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
