31 C
Kolkata
September 19, 2026
রাজ্য

রোজগার মেলায় ৫১ হাজারের বেশি নিয়োগপত্র, যুবকদের বার্তা মোদীর

নয়াদিল্লি— দেশের ২০তম রোজগার মেলায় ৫১ হাজারেরও বেশি নবনিযুক্ত যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ১৯ সেপ্টেম্বর দেশের ৪৫টি জায়গায় একযোগে এই রোজগার মেলার আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে নবনিযুক্তদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২০তম রোজগার মেলা মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ১২.৭৫ লক্ষ যুবক-যুবতী নিয়োগপত্র পেয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে উৎসবের মরসুম শুরু হয়েছে। সেই আবহেই হাজার হাজার পরিবারের জীবনে নতুন আনন্দ এসেছে। ৫১ হাজারের বেশি তরুণ-তরুণী এ দিন সরকারি চাকরিতে যোগ দেওয়ার নিয়োগপত্র পেয়েছেন। তাঁদের উদ্দেশে মোদী বলেন, এই সাফল্যের পিছনে শুধু তাঁদের নিজেদের পরিশ্রম নয়, বাবা-মা এবং পরিবারের সদস্যদের অবদানও রয়েছে। নতুন কর্মজীবনের জন্য তাঁদের এবং তাঁদের পরিবারকে অভিনন্দন জানান তিনি।নবনিযুক্তদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা এমন সময়ে ভারত সরকারের অংশ হচ্ছেন, যখন ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্য নিয়ে দেশ এগোচ্ছে। সেই লক্ষ্যে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সরকারি দায়িত্ব পালনের সময় এমন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, যা উন্নত ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।


দেশের স্টার্টআপ ক্ষেত্রের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। শুধু বড় শহর নয়, দ্বিতীয় ও তৃতীয় স্তরের শহরগুলিতেও স্টার্টআপের বিস্তার ঘটছে। স্বীকৃত স্টার্টআপের প্রায় অর্ধেকই এখন টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরে রয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি শেষ হওয়া ব্রিকস সম্মেলনের প্রসঙ্গও ওঠে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাঁর দাবি, ব্রিকসের সহযোগিতা যাতে শুধু সরকারগুলির মধ্যে সীমাবদ্ধ না থাকে, তার জন্য উদ্যোক্তা, কৃষক, মহিলা এবং যুবসমাজকেও এই অংশীদারিত্বের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যেই ‘ব্রিকস কানেক্ট’ এবং ‘ব্রিকস এমএসএমই কো-অপারেশন পোর্টাল’-এর মতো উদ্যোগের কথা উল্লেখ করেন তিনি।

যুবকদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে জাতীয় শিক্ষা নীতি, স্কিল ইন্ডিয়া মিশন এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার মতো উদ্যোগের কথাও তুলে ধরেন মোদী। পরিবর্তনশীল অর্থনীতির চাহিদার সঙ্গে তরুণদের শিক্ষা ও দক্ষতাকে সামঞ্জস্যপূর্ণ করাই এর লক্ষ্য বলে জানান তিনি।

এ দিনের রোজগার মেলায় বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক ও দপ্তরে নিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে রাজস্ব দপ্তরের আয়কর ও শুল্ক-জিএসটি শাখা, রেল মন্ত্রকের কারিগরি ও পরিচালন সংক্রান্ত পদ, স্টেশন ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বাহিনীর বিভিন্ন পদ। স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি-সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশেও নিয়োগ রয়েছে।


এ ছাড়াও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কারিগরি কর্মী, নার্সিং অফিসার ও প্রশাসনিক সহকারী, সরকারি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদ এবং প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদন, ক্যান্টনমেন্ট বোর্ড ও অসামরিক ক্যাডারের পদে নিয়োগ দেওয়া হয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২২ সালের অক্টোবরে রোজগার মেলা শুরু হয়েছিল। প্রাথমিক ভাবে ১০ লক্ষ সরকারি পদে নিয়োগের লক্ষ্যমাত্রা সামনে রাখা হয়েছিল। ২০তম পর্বে এসে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় নিয়োগপত্র পাওয়া যুবক-যুবতীর সংখ্যা প্রায় ১২.৭৫ লক্ষে পৌঁছেছে।

Related posts

Leave a Comment