September 1, 2026
দেশ

নেপালের বন্যায় উদ্ধারকাজে SSB-র ভূমিকার প্রশংসা অমিত শাহের

নেপালের ভয়াবহ বন্যা ও বিপর্যয়ের সময় মানবিক সাহায্য এবং উদ্ধারকাজে সশস্ত্র সীমা বলের (SSB) ভূমিকার প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার SSB-র ইনভেস্টিচার অনুষ্ঠানে এক বার্তায় তিনি বলেন, সঙ্কটের সময়ে বাহিনীর দ্রুত, সমন্বিত এবং মানবিক পদক্ষেপ তাদের ‘সেবা, নিরাপত্তা ও ভ্রাতৃত্ব’-এর মূলমন্ত্রকে তুলে ধরেছে।

অমিত শাহ বলেন, সীমান্তে মোতায়েন প্রত্যেক SSB জওয়ান দেশের সতর্ক প্রহরী হওয়ার পাশাপাশি দুর্যোগের সময় প্রথম সারির উদ্ধারকারী এবং ভারতের সদিচ্ছার দূত হিসেবে কাজ করেন। নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা এই বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে।

অনুষ্ঠানে ১৮ জন SSB কর্মীকে বীরত্বের জন্য এবং পাঁচ জনকে বিশিষ্ট পরিষেবার জন্য পদক দেওয়া হয়। পদকপ্রাপকদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন বলেন, দেশের সীমান্ত সুরক্ষা স্বরাষ্ট্র মন্ত্রকের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। প্রায় ১৫ হাজার কিলোমিটার সীমান্তে নিরবচ্ছিন্ন নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার বলেও জানান তিনি।


সীমান্ত সুরক্ষায় চারটি গুরুত্বপূর্ণ স্তরের কথা উল্লেখ করেন স্বরাষ্ট্রসচিব। তাঁর মতে, সীমান্তরক্ষী বাহিনী, সীমান্তবর্তী এলাকায় কর্মরত রাজ্য সরকারের কর্মী, কেন্দ্রীয় সরকারি সংস্থা এবং স্থানীয় নাগরিক—এই চার পক্ষের সমন্বয়েই সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব। এই ব্যবস্থায় SSB গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

SSB-র ডিজি সঞ্জয় সিঙ্ঘল জানান, মাদক ও অস্ত্র পাচার, জাল নোট, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য সংগঠিত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছে বাহিনী। পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা, বামপন্থী উগ্রবাদ দমন, নির্বাচন পরিচালনা, আইনশৃঙ্খলা এবং দুর্যোগ মোকাবিলাতেও SSB গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে|

তিনি জানান, ভারত-নেপাল এবং ভারত-ভুটান সীমান্তের নিরাপত্তার দায়িত্ব SSB-র হাতে। প্রতিদিন ভারত-নেপাল সীমান্ত দিয়ে ৪৬ হাজারের বেশি যানবাহন ও প্রায় ৩.২৫ লক্ষ মানুষ যাতায়াত করেন। ভারত-ভুটান সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় ৮ হাজার যানবাহন এবং ৫০ হাজার মানুষ পারাপার করেন।

অনুষ্ঠানে SSB-র আবাসন প্রকল্পেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব।

Related posts

Leave a Comment