28 C
Kolkata
August 30, 2026
দেশ

মোদীর উজবেক সফরে বড় সাফল্য, ইউরেনিয়াম সরবরাহে দীর্ঘমেয়াদি চুক্তি

তাসখন্দ: দু’দিনের উজবেকিস্তান সফরে গিয়ে পারমাণবিক শক্তি থেকে বাণিজ্য, নগর পরিকল্পনা থেকে পর্যটন—একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তাসখন্দে পৌঁছনোর পর উজবেক প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ তাঁকে স্বাগত জানান। রবিবার দুই রাষ্ট্রনেতার বৈঠকের পর মোদী জানান, উজবেকিস্তানের সঙ্গে দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি হয়েছে। ভারতের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য এই চুক্তিকে (Uranium Supply) গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ইউরেনিয়াম সরবরাহের উৎসকে বৈচিত্র্যময় করতে চাইছে নয়াদিল্লি। নির্দিষ্ট কোনও দেশের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিভিন্ন উৎপাদনকারী দেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে ভারতের। সেই দিক থেকে উল্লেখযোগ্য ইউরেনিয়াম উৎপাদনকারী উজবেকিস্তানের সঙ্গে নতুন চুক্তি ভারতের পরমাণু শক্তি কর্মসূচিতে বাড়তি স্থিতিশীলতা আনতে পারে।

এদিন তিনটি ‘সিস্টার-সিটি’ এবং ‘সিস্টার-স্টেট’ চুক্তিও চূড়ান্ত হয়েছে। ২০৩০ সালের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ কোটি ডলারে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। উজবেক প্রেসিডেন্টের দাবি, গত বছরই দুই দেশের বাণিজ্য ১০০ কোটি ডলারের গণ্ডি পেরিয়েছে। আগামী চার বছরে সেই অঙ্ক পাঁচ গুণ করার লক্ষ্য স্থির করা হয়েছে।

বৈঠকে নগর উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। উজবেকিস্তান বর্তমানে শূন্য থেকে ‘নিউ তাসখন্দ’ গড়ে তুলছে। এই প্রকল্পের প্রসঙ্গে মোদী গুজরাতের গিফট সিটির উদাহরণ তুলে ধরেন এবং উজবেকিস্তানের একটি প্রতিনিধিদলকে গিফট সিটি পরিদর্শনের আমন্ত্রণ জানান। দুই দেশের মধ্যে (Strategic Partnership) সহযোগিতার নতুন ক্ষেত্র হিসেবে নগর পরিকল্পনাকে দেখা হচ্ছে।

ভারতীয় নাগরিকদের জন্যও বড় ঘোষণা এসেছে। উজবেকিস্তানে পর্যটন বা ব্যবসার উদ্দেশ্যে গেলে ৩০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকার সুবিধা পাবেন ভারতীয়রা। বর্তমানে দুই দেশের মধ্যে ১৪টি সরাসরি বিমান চলাচল করছে।

এরই মধ্যে উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘ওলি দরাজলি দোস্তলিক’ পেয়েছেন মোদী। সম্মান গ্রহণ করে তিনি বলেন, এই স্বীকৃতি তাঁর কাছে গর্বের। পাশাপাশি চুক্তিগুলি যাতে বাস্তবে কার্যকর হয়, তার জন্য স্পষ্ট কর্মপরিকল্পনার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম চুক্তি-সহ একাধিক সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক আরও গভীর হল বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment