August 29, 2026
রাজ্য

আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মুখ্যমন্ত্রী, ছেলে শতদলকে জড়িয়ে ধরলেন

সংবাদ কলকাতা — বীরভূম সফরে গিয়ে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িতে পৌঁছেই আশিসের ছেলে শতদল বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেন তিনি। পরে পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী। আশিসের স্ত্রীর সঙ্গেও কথা হয়েছে তাঁর।

গত ১৬ আগস্ট রামপুরহাটে বাড়ির কাছেই দলের কার্যালয় থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করে পুলিশ। তাঁর মৃত্যুকে ঘিরে তদন্ত চলছে।


আশিস বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ বা টিআরডিএ-তে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরিবারের দাবি, সেই বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। তাঁর মৃত্যুর পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও নানা প্রশ্ন তৈরি হয়।

ঘটনার পর আশিসের ছেলে শতদলের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার বীরভূমে গিয়ে সরাসরি পরিবারের সঙ্গে দেখা করলেন তিনি। বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, তাঁর দেওয়া কালীঠাকুরের মূর্তিতে প্রতিদিন পুজো করেই আশিস বাড়ি থেকে বেরোতেন।

আশিসের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, টিআরডিএ-র দুর্নীতির অভিযোগে প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের হয়নি। এমনকী তদন্তের জন্য পুলিশ তাঁকে ডাকেনি বলেও জানিয়েছিলেন তিনি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এদিনের রামপুরহাট সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment