সংবাদ আন্তর্জাতিক — ভয়াবহ বন্যার ধাক্কা সামলাতে না সামলাতেই ফের বিপদের আশঙ্কা নেপালে। লেন্ডে নদীর অববাহিকার উজানে তৈরি হওয়া একটি হ্রদের পাড় যে কোনও মুহূর্তে ভেঙে যেতে পারে বলে সতর্ক করেছে চিন। হ্রদের জলের রং ক্রমশ গাঢ় হয়ে যাওয়ায় এই আশঙ্কা তৈরি হয়েছে বলে বেজিংয়ের তরফে জানানো হয়েছে।
নেপালের বিদেশমন্ত্রককে দেওয়া বার্তায় চিন জানিয়েছে, আকস্মিক বন্যার সময় হিমবাহ ধসের কারণে ওই হ্রদটি তৈরি হয়েছিল। বর্তমানে হ্রদের জলের রং পরিবর্তিত হওয়ায় সেটির পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি নদী অববাহিকার আশপাশে বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে হ্রদটি ভেঙে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তুলনামূলক কম বলেই জানিয়েছে চিন। তাদের হিসাব অনুযায়ী, হ্রদ ভেঙে গেলে নদীতে সর্বোচ্চ জলের প্রবাহ প্রতি সেকেন্ডে ৫০০ ঘনমিটারের বেশি হবে না। ফলে নদীর জলস্তর বাড়লেও তা খুব বড় মাত্রায় পৌঁছনোর সম্ভাবনা নেই।
হিমবাহ ধসের ফলে তৈরি প্রাকৃতিক বাঁধ থেকেই ওই হ্রদের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এই ধরনের হিমবাহজনিত পরিবর্তনের জেরেই নেপাল ও তিব্বতে সাম্প্রতিক ভয়াবহ আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বলে জানা যাচ্ছে।
বন্যা এবং হড়পা বানের জেরে ইতিমধ্যেই বড়সড় বিপর্যয়ের মুখে নেপাল। বহু মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ। এমন পরিস্থিতিতে নতুন করে হ্রদ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। প্রশাসনের তরফে নদী অববাহিকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
