সংবাদ কলকাতা: ফুটপাতে দুধ গরম করার ঘটনায় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমকের পর সংবাদ শিরোনামে এসেছিলেন সীতা ওরফে রশিদা। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে সরকারি আশ্রয়ের ব্যবস্থা হয়েছিল তাঁর পরিবারের জন্য। যদিও কিছুদিন পর সেখান থেকে আচমকাই উধাও হয়ে গিয়েছিলেন সীতা। পরে তাঁর হদিশ মেলে। এবার সেই ‘পথের সীতা’র সংসারে এল স্বস্তির খবর।
শুক্রবার রাখিবন্ধনের দিন সীতার পরিবারের নতুন ঠিকানার কথা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, সীতা দেবী এবং তাঁর পরিবারের জন্য তাঁদের পছন্দের এলাকায় বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সেখানেই নাতি ও মেয়েদের নিয়ে থাকছেন সীতা।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে পরিবারের জন্য বিভিন্ন এলাকায় বাড়ি খোঁজা হচ্ছিল। কিন্তু সীতার পছন্দমতো জায়গা না মেলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। সেই সময় তাঁদের সাময়িকভাবে হোটেলে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সীতার পছন্দের এলাকাতেই বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
শুধু থাকার জায়গাই নয়, সংসারের হাল ফেরাতে সীতার জন্য একটি ছোট কর্মসংস্থানের ব্যবস্থাও করা হয়েছে। যাতে তাঁকে আর ফুটপাতে জীবন কাটাতে না হয় এবং পরিবারকে নিয়ে স্বনির্ভরভাবে নতুন করে পথ চলতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন পুরমন্ত্রী।

রাখিবন্ধনের সকালে সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অগ্নিমিত্রা পাল লেখেন, সীতা দেবী এবং তাঁর পরিবারের জন্য তাঁদের পছন্দমতো জায়গায় বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সীতার জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথাও জানান তিনি।
ফুটপাতে দুধ গরম করার ঘটনা থেকে যে সীতাকে নিয়ে এত আলোচনা শুরু হয়েছিল, তাঁর পরিবারের নতুন ঠিকানা এবং কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে।
