July 23, 2026
রাজ্য

ডিএ মামলায় বিশেষ বেঞ্চ বাতিল, বৃহস্পতিবার হচ্ছে না সুপ্রিম কোর্টে শুনানি

সংবাদ কলকাতা— পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি হচ্ছে না। বুধবার রাতে শীর্ষ আদালতের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মামলার জন্য গঠিত বিশেষ বেঞ্চ বাতিল করা হয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ডিএ মামলার শুনানি আর হচ্ছে না। কবে এই মামলার পরবর্তী শুনানি হবে, তা এখনও জানানো হয়নি।

আগে ঠিক ছিল, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে বৃহস্পতিবার দুপুর ২টায় সাত নম্বর কোর্টে মামলার শুনানি হবে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই বিশেষ বেঞ্চ আর বসছে না। পরিবর্তে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের নিয়মিত বেঞ্চ নির্ধারিত সময়েই আদালতে বসবে।

একইভাবে বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বিশেষ বেঞ্চও বাতিল করা হয়েছে। পরিবর্তে ১২ নম্বর কোর্টে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের নিয়মিত বেঞ্চ বসবে।

উল্লেখ্য, বুধবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার ডিএ মামলায় স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। সেখানে সরকার জানিয়েছে, বকেয়া ডিএ-র ১০০ শতাংশ নয়, ৮৫ শতাংশ পরিশোধ করতে চায়। বাকি ১৫ শতাংশের ক্ষেত্রে আদালতের কাছে ছাড় চাওয়া হয়েছে। রাজ্যের আর্থিক চাপ এবং হিসাব সংক্রান্ত জটিলতার বিষয়টিও রিপোর্টে তুলে ধরা হয়েছে।

তবে বিশেষ বেঞ্চ বাতিল হওয়ার কারণ সম্পর্কে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে মামলার পরবর্তী শুনানির দিন জানার জন্য অপেক্ষা করতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলিকে।

Related posts

Leave a Comment