নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ— মুর্শিদাবাদের (Murshidabad) কর্ণসুবর্ণে (Karnasubarna) ভয়াবহ পুলকার দুর্ঘটনায় (School Van Accident) মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শোকাহত পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক তুলে দেওয়ার পাশাপাশি প্রতিটি পরিবারের একজন সদস্যকে চাকরির আশ্বাস দেন তিনি।
গত ১৭ জুলাই রেলগেট (Railway Crossing) পার হওয়ার সময় একটি পুলকারে ট্রেনের ধাক্কায় চার শিশু ও এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। এই ঘটনায় দু’জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন|
পরিবারগুলির সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী বলেন, ‘ছোট ছোট শিশুদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সরকার তাঁদের পাশে রয়েছে। এই আর্থিক সহায়তা কোনও ক্ষতির পূরণ নয়, সরকারের দায়িত্ব পালন মাত্র।’
দুর্ঘটনার জন্য অভিযুক্ত গেটম্যানকে (Gateman) আগেই গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, তদন্তে দায়িত্বে গাফিলতির প্রমাণ মিলেছে। তাই দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট (Charge Sheet) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
পরে হাসপাতালে গিয়ে আহত শিশুদের চিকিৎসার খোঁজও নেন মুখ্যমন্ত্রী।
দুর্ঘটনায় একমাত্র সন্তানকে হারানো আজিজা খাতুন স্বামীর জন্য রাজ্যে একটি চাকরির আবেদন জানান। মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। একইভাবে মৃত জেসিকা শবনমের মা শেফালি খাতুনও পরিবারের আর্থিক সঙ্কটের কথা তুলে ধরে চাকরির আবেদন করেন।
এদিকে স্বজনহারা দিলার হোসেন বলেন, সরকারের সহায়তা পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ হলেও হারিয়ে যাওয়া মানুষ আর ফিরে আসবেন না। তবু দুর্ঘটনার প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যরা।
