July 22, 2026
রাজ্য

বিধানসভায় অভিষেককে নিশানা শুভেন্দুর, ‘২০৩১ সালে কোথায় থাকবেন, আমি দেখব’

সংবাদ কলকাতা — বিধানসভায় জবাবি ভাষণে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুলাইয়ের সভা থেকে অভিষেকের ‘২০৩১ সালে হিসাব হবে’ মন্তব্যের পাল্টা দিয়ে তিনি বলেন, ‘২০৩১ সালে কোথায় থাকবেন, আমি দেখব। বড় বড় কথা অনেক শুনেছি।’

মঙ্গলবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ‘গতকাল বলা হয়েছে নোটবুকে লিখে রাখতে, ২০৩১ সালে হিসাব নেওয়া হবে। আগে দেখা যাক, তখন কোথায় থাকেন।’ পরে জবাবি ভাষণে আরও কড়া সুরে তিনি মন্তব্য করেন, ‘তুমি বাইরে থাকলে তবে তো হিসাব হবে।’


এর আগে বুধবার ক্যাথিড্রাল রোডের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘গদ্দারি করে তৃণমূলকে দুর্বল করা যাবে না। বাংলা থেকে বিজেপিকে উৎখাত করব। জেলে ভরুক, মিথ্যা মামলায় ফাঁসাক, তবু মাথা নত করব না। আমার মেরুদণ্ড বিক্রির জন্য নয়।’

একই সভায় দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেক বলেন, ‘যাঁরা ভয় উপেক্ষা করে এসেছেন, তাঁদের দেখে মনে হচ্ছে নতুন করে তৃণমূলের জন্ম হয়েছে। এই নতুন তৃণমূল আগামী ৪০ বছর বাংলার রাজনীতিতে লড়াই চালিয়ে যাবে এবং ২০৩১ সালে সব হিসাব বুঝে নেবে।’

বিধানসভার ভাষণে শুভেন্দু আমপান-পরবর্তী ত্রাণ দুর্নীতির প্রসঙ্গও তোলেন। তিনি জানান, নিয়ন্ত্রক ও মহালেখা পরীক্ষকের রিপোর্ট বিধানসভায় পেশ করা হবে। প্রয়োজন হলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, বিগত কয়েক বছরে যাঁরা বেআইনি সম্পত্তি করেছেন, আইন মেনে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্য পুলিশের শূন্যপদ দ্রুত পূরণের আশ্বাসও দেন তিনি। তাঁর দাবি, পুজোর আগেই ১৬ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে এবং আরও ২০ হাজার পুলিশকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।

আইনশৃঙ্খলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে কোনও রকম শিথিলতা বরদাস্ত করা হবে না। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।

Related posts

Leave a Comment