July 21, 2026
দেশ

নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী মোদী, ‘ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়তে হবে’

দিল্লি: সংসদের লাইব্রেরি ভবনের জিএমসি বালাযোগী অডিটোরিয়াম (GMC Balayogi Auditorium)-এ অনুষ্ঠিত এনডিএ (NDA) সংসদীয় দলের বৈঠকে নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি বলেন, প্রশ্নফাঁস ‘মহাপাপ’ এবং এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।

বৈঠকের পর কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju) জানান, প্রধানমন্ত্রী ভবিষ্যতের জন্য এমন একটি নির্ভুল ও ত্রুটিমুক্ত পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যাতে প্রশ্নপত্র ফাঁসের কোনও সুযোগ না থাকে। একই সঙ্গে তিনি বলেছেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘ভুল পথে চলে যাওয়া সহজ, কিন্তু সঠিক পথে ফিরে আসা কঠিন। তাই যারা ভুল পথে যাচ্ছে, তাদের সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।’ তিনি শিশু ও তরুণদের উস্কানি না দিয়ে সঠিক শিক্ষা ও মূল্যবোধের পথে পরিচালিত করার উপরও জোর দেন।

এর আগে সংসদের বাদল অধিবেশন (Monsoon Session)-এর প্রথম দিন নিট প্রশ্নপত্র ফাঁস-সহ একাধিক ইস্যুতে রাজধানী দিল্লিতে (Delhi) বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয়। সংসদ ভবনের দিকে মিছিল এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। বেশ কয়েক জন বিক্ষোভকারীকে আটকও করা হয়।

বিক্ষোভকারীদের দাবি ছিল, নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগ। অন্যদিকে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related posts

Leave a Comment