কলকাতা: মালদার কালিয়াচকের জালালপুরে ব্যক্তিগত জমিতে রথের মেলা আয়োজনকে ঘিরে বিতর্কে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, জমি থেকে সমস্ত অস্থায়ী কাঠামো সরিয়ে দখলমুক্ত করতে হবে। এই দায়িত্ব দেওয়া হয়েছে মালদা সদরের মহকুমাশাসক (এসডিও)-কে।
মামলার আবেদনকারী শঙ্কর চৌধুরীর দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবার ওই জমিতে রথযাত্রার আয়োজন করে এলেও এ বছর জমির মালিকের অনুমতি ছাড়াই ‘রথযাত্রা সংস্কার কমিটি’ নামে একটি সংগঠন সেখানে মেলার আয়োজন করেছে। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।
আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানান, গত ২ জুলাই মহকুমাশাসক মেলার অনুমতি দিয়েছিলেন। সেই অনুমতির ভিত্তিতে লাউডস্পিকার ব্যবহারেরও ছাড়পত্র দেওয়া হয়। তবে জমির মালিককে না জানিয়ে এবং তাঁর কাছ থেকে কোনও ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না নিয়েই এই অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা পর্যবেক্ষণ করেন, ব্যক্তিগত জমিতে মালিকের সম্মতি ছাড়া প্রশাসনিক অনুমতি দেওয়া আইনসম্মত নয়। সেই কারণে মেলার জন্য দেওয়া অনুমতি বাতিল করে আদালত জমি দখলমুক্ত করার নির্দেশ দেয়।
আদালত আরও জানিয়েছে, জমিতে নির্মিত সমস্ত অস্থায়ী কাঠামো দ্রুত অপসারণ করতে হবে এবং আদালতের নির্দেশ কার্যকর করার দায়িত্ব থাকবে মহকুমাশাসকের উপর।
আবেদনকারী পক্ষের দাবি, গত ১৫ বছরে এই জমিতে এমন অনুমতি দেওয়া হয়নি। এ বছর প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আদালতের শরণাপন্ন হন তাঁরা। হাইকোর্টের নির্দেশের পর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।
