July 18, 2026
রাজ্য

অবৈধ নির্মাণের অভিযোগে ভাঙা শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়

আমতলা: অবৈধ নির্মাণের অভিযোগে শনিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলার কার্যালয়ে ভাঙার কাজ শুরু করল প্রশাসন। কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রথমে পাঁচতলা ভবনের সামনের শেড এবং পরে দোতলার সামনের দেওয়াল ভেঙে ফেলা হয়।

সকাল থেকেই কার্যালয় চত্বরে মোতায়েন ছিল বিপুল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দমকল, বিডিও এবং বিএলআরও-সহ প্রশাসনের আধিকারিকরা। এরপর বুলডোজার এনে ভাঙার কাজ শুরু হয়।

প্রশাসনের দাবি, ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গত ৩০ জুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠানো হয়েছিল এবং ১৫ জুলাই শুনানিতে হাজির হতে বলা হয়। তবে নির্ধারিত দিনে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

ভাঙার কাজ চলাকালীন বহু স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে জড়ো হন। কিছু মানুষ ভবনের ভিতরে ঢুকে পড়লে পুলিশ তাঁদের বাইরে বের করে দেয়। ভবনের ভিতরে কিছু আসবাবপত্র ও এসি যন্ত্র ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এর আগেও গত ২৪ মে ইএম বাইপাস সংলগ্ন মাঠপুকুর এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগে একটি তৃণমূল দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল প্রশাসন।

Related posts

Leave a Comment