নয়াদিল্লি: ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই কোনও ব্যক্তিকে নাগরিক নন বলে গণ্য করা যাবে না—এসআইআর (Special Intensive Revision) সংক্রান্ত মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, ভোটার তালিকায় নাম থাকা বা না-থাকার ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই।
পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত ট্রাইবুনালের শুনানি আরও সুশৃঙ্খল করার দাবিতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার শুনানিতে এই মন্তব্য করে আদালত। মামলাকারীর অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে বহু মানুষ রেশন, অন্নপূর্ণা যোজনা এবং জাতিগত শংসাপত্রের মতো সরকারি পরিষেবা পেতে সমস্যায় পড়ছেন।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী জানান, বিহারের এসআইআর মামলার রায়েও স্পষ্টভাবে বলা হয়েছে যে, নাগরিকত্ব নির্ধারণ নির্বাচন কমিশনের এক্তিয়ারের মধ্যে পড়ে না। কোনও ব্যক্তির নাগরিকত্ব নিয়ে সন্দেহ থাকলে নির্বাচন কমিশনের দায়িত্ব বিষয়টি সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠানো। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্বের মর্যাদা বহাল থাকবে।
আদালত আরও জানিয়েছে, নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দিতে পারে, তবে সেই সিদ্ধান্তের ফলে স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির নাগরিকত্ব বাতিল হয়ে যায় না।
মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের নির্বাচন কমিশনের কাছে জবাব তলব করেছে। পরবর্তী শুনানিতে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলিকে।
