নন্দীগ্রাম: রথযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হল আতঙ্কে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের তেখালি এলাকায় রথযাত্রার সময় বিদ্যুতের তারে রথের চূড়া স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হন অন্তত ২৫ জন পুণ্যার্থী। আহতদের দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তেখালি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতোই রথযাত্রার আয়োজন করা হয়। প্রভু জগন্নাথ, বলরাম ও শুভদ্রার রথ নিয়ে ভক্তদের ভিড়ের মধ্যেই শোভাযাত্রা এগোচ্ছিল। সেই সময় রাস্তার উপর দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারে রথের চূড়া স্পর্শ করে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রথের কাঠামোর একটি অংশ লোহার হওয়ায় বিদ্যুৎ দ্রুত ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই রথের আশপাশে থাকা বহু মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত মানুষজন আহতদের উদ্ধারকাজে এগিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে খবর, আহত ২৫ জনের মধ্যে ১৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আহতদের পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে। তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক বলে এখনও পর্যন্ত জানা যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, দিনভর বৃষ্টির কারণে রথের কাঠামো এবং বিদ্যুতের তার ভিজে থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। সেই কারণেই রথের চূড়া তারে স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে থাকতে পারে।
নন্দীগ্রাম থানার আইসি অজয় মিশ্র জানিয়েছেন, কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং আয়োজকদের ভূমিকা—সব দিকই তদন্ত করে দেখা হবে।
