28.9 C
Kolkata
July 15, 2026
রাজ্য

ডিজে মন্তব্য মামলায় বিধাননগর আদালতে অভিষেক

ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হবে কণ্ঠস্বরের নমুনা

সংবাদ কলকাতা: নির্বাচনী প্রচারের সময় ডিজে-সংক্রান্ত মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় অবশেষে বিধাননগর মহকুমা আদালতে হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির আবেদনের ভিত্তিতে আদালতের নির্দেশ মেনে বুধবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে। পরপর দু’বার আদালতে হাজিরা এড়িয়ে যাওয়ার পর এই প্রথম তিনি আদালতে উপস্থিত হলেন।

এই মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তকারী সংস্থার দাবি, মামলার তদন্তে অগ্রগতির স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন। সেই আবেদন মঞ্জুর করে আদালত আগেই নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। তবে নির্ধারিত দিনে গত ৩০ জুন এবং পরে ৮ জুলাই আদালতে হাজির হননি তৃণমূল নেতা। এরপর বিষয়টি কলকাতা হাইকোর্টে গড়ায়।

হাইকোর্টে শুনানির সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতকে জানান, বুধবার দুপুর ১২টায় তাঁর মক্কেল বিধাননগর আদালতে উপস্থিত হয়ে কণ্ঠস্বরের নমুনা দেবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এ দিন তিনি আদালতে পৌঁছন।

এর আগে হাইকোর্ট শুনানির সময় স্পষ্ট জানিয়ে দিয়েছিল, তদন্তে সহযোগিতা না করলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দেওয়া আইনি সুরক্ষা প্রত্যাহার করা হতে পারে। আদালতের পর্যবেক্ষণ ছিল, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। সেই কারণেই নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ বহাল রাখা হয়।

শুনানির সময় অভিষেকের আইনজীবী আদালতে দাবি করেন, তাঁর মক্কেল আদালতে প্রবেশের সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার আশঙ্কা রয়েছে। সেই আবেদন শুনে হাইকোর্ট মন্তব্য করে, আদালত চত্বরে এ ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আদালত রাজ্য সরকারকে নির্দেশ দেয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালতে যাতায়াতের সময় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

আদালতের সেই নির্দেশের পর বুধবার সকাল থেকেই বিধাননগর মহকুমা আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকেও। আদালত চত্বরে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দিষ্ট কারণ ছাড়া কাউকে আদালতের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আদালত চত্বর ও তার আশপাশে সম্ভাব্য জমায়েতের ওপরও নজরদারি চালানো হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় ডিজে-সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তদন্ত করছে সিআইডি। সেই তদন্তের অংশ হিসেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন করা হয়েছিল। আদালতের নির্দেশ মেনে বুধবার সেই প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment