মাদ্রিদ: দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত সোনা জেতা হল না। আর্চারি বিশ্বকাপ স্টেজ-৪-এ (Archery World Cup Stage 4) মহিলা কম্পাউন্ড দলগত বিভাগের ফাইনালে কলম্বিয়ার কাছে ২২৮-২৩২ পয়েন্টে হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হল ভারতকে। শনিবার মাদ্রিদে অনুষ্ঠিত ফাইনালে ভারতের হয়ে খেলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থি।
ফাইনালে ওঠার পথে ভারতীয় ত্রয়ী দুর্দান্ত ছন্দে ছিল। বিশেষ করে সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি জ্যোতিরা। শুরু থেকেই নিখুঁত তিরন্দাজিতে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে কলম্বিয়া।
ভারতের হয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স করেন ১৭ বছরের পৃথিকা প্রদীপ। চাপের মুখেও একের পর এক নিখুঁত শট খেলেন তিনি। তবে অভিজ্ঞ জ্যোতি সুরেখা ভেন্নাম নিজের স্বাভাবিক ছন্দে দেখা না যাওয়ায় কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হাতছাড়া হয় ভারতের। সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়িয়ে নেয় কলম্বিয়া।
কলম্বিয়ার জয়ের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা নেন আলেহান্দ্রা উসকিয়ানো। প্রায় নির্ভুল পারফরম্যান্সে তিনি দলকে এগিয়ে রাখেন। তাঁর সঙ্গে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন সারা লোপেজও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দু’জনের ধারাবাহিক স্কোরিংয়ের সামনে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি ভারত।
যদিও সোনা হাতছাড়া হয়েছে, তবুও মাদ্রিদ বিশ্বকাপ স্টেজে ভারতের পদকের খাতা খুলে দিল এই রুপো। চলতি মরশুমে এই একই দল মেক্সিকোর পুয়েব্লায় অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম পর্বে সোনার পদক জিতেছিল। ফলে আন্তর্জাতিক মঞ্চে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখল ভারতীয় মহিলা কম্পাউন্ড দল।
এদিকে ভারতের পদকের আশা এখনও শেষ হয়নি। মহিলা কম্পাউন্ড ব্যক্তিগত বিভাগের সেমিফাইনালে উঠেছেন পৃথিকা প্রদীপ। তাঁর সামনে আরও একটি পদক জয়ের সুযোগ রয়েছে। পাশাপাশি রিকার্ভ বিভাগেও ভারতের কীর্তি শর্মা পদকের লড়াইয়ে রয়েছেন।
