37.2 C
Kolkata
June 20, 2026
রাজ্য

বিধানসভার সই জাল মামলায় শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি, আধঘণ্টা জিজ্ঞাসাবাদ

কলকাতা | ২০ জুন: বিধানসভার সই জাল সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূল কংগ্রেসের প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল সিআইডি। শনিবার সকালে ভবানীপুরে তাঁর বাসভবনে গিয়ে প্রায় আধঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

সূত্রের খবর, তদন্তে সহযোগিতা করে শোভনদেব চট্টোপাধ্যায় সিআইডি আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দেন। তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সহযোগিতা করবেন। এদিন মূলত তৃণমূলের একটি দলীয় বৈঠক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য নথিবদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম সামনে এসেছিল। পরে বিদ্রোহী তৃণমূল বিধায়করা অভিযোগ করেন, তাঁদের সই জাল করে বিভিন্ন নথি জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে সিআইডি।

এই মামলায় এর আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ-সহ একাধিক নেতা ও বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়েও জেরা করেছে তদন্তকারী সংস্থা।

তদন্তের অংশ হিসেবে অতীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোড এবং কালীঘাটের বাসভবনেও পৌঁছেছিল সিআইডি। পরে তাঁকে নোটিস দিয়ে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও কালীঘাটের দলীয় কার্যালয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ের ঠিকানাতেও তদন্তকারীরা গিয়েছিলেন বলে জানা যায়।

সই জাল কাণ্ডে তদন্ত এখনও চলমান। সংগৃহীত তথ্য ও নথির ভিত্তিতে আগামী দিনে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলে তদন্তকারী সূত্রের ইঙ্গিত।

Related posts

Leave a Comment