কলকাতা, ৫ জুন: তৃণমূল কংগ্রেসকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক জল্পনার মধ্যে দলের অবস্থান স্পষ্ট করে কড়া বার্তা দিলেন সাংসদ মহুয়া মৈত্র। সামাজিক মাধ্যমে করা এক মন্তব্যে তিনি জানিয়েছেন, বাংলায় তৃণমূলের বিপুল জনসমর্থনের মূল ভিত্তি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বিজেপি-বিরোধী অবস্থান।
একটি প্রশ্নের জবাবে মহুয়া মৈত্র লেখেন, ‘তৃণমূলের কী হচ্ছে?’ এই প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের ৪১ শতাংশ ভোটার তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, তাঁর রাজনৈতিক অবস্থান, তাঁর মুখ এবং দলের প্রতীকের উপর ভরসা করে।
এরপরই দলের ভিতরে থাকা সুযোগসন্ধানী নেতাদের উদ্দেশে কড়া বার্তা দেন তিনি। মহুয়া বলেন, কেউ যদি মনে করেন তিনি দলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা বেশি বুদ্ধিমান, তাহলে তাঁর বিজেপিতে চলে যাওয়াই উচিত।
তাঁর বক্তব্য, ‘আজ যদি কিছু স্বার্থসন্ধানী সুযোগসন্ধানী মনে করেন তাঁরা খুব বেশি চালাক, তাহলে তাঁদের অবিলম্বে বিজেপিতে চলে যাওয়া উচিত। অমিত শাহ তাঁদের জন্য অপেক্ষা করছেন।’
মহুয়ার এই মন্তব্যকে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের অন্দরে নানা ইস্যুতে মতবিরোধ এবং বিতর্কের আবহে তাঁর এই বার্তা দলীয় শৃঙ্খলা ও নেতৃত্বের প্রতি আনুগত্যের বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
যদিও মহুয়া মৈত্র তাঁর মন্তব্যে কারও নাম উল্লেখ করেননি, তবুও রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের ভিতরে চলা নানা বিতর্ক এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেছেন।
