June 3, 2026
দেশ

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ভাইরাল আতঙ্কের ভিডিও, আগুন থেকে বাঁচতে উপরতলা থেকে ঝাঁপ দুই মহিলার


দক্ষিণ দিল্লির মালব্য নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এসেছে শিউরে ওঠার মতো ভিডিও। আগুনের গ্রাস থেকে প্রাণ বাঁচাতে হোটেলের উপরতলা থেকে ঝাঁপ দিতে দেখা গিয়েছে দুই মহিলাকে। দাউদাউ করে জ্বলতে থাকা ভবন থেকে বেরোনোর আর কোনও পথ না পেয়ে তাঁরা নিচে টাঙানো একটি ত্রিপলের উপর লাফ দেন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে এখনও কোনও সরকারি তথ্য মেলেনি।

বুধবার সকালে মালব্য নগরের পাঁচতলা ‘ফ্লারিশ হোটেল’-এ আগুন লাগে। ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ৩৭ জন। আগুন লাগার পর হোটেলের বিভিন্ন তলায় আটকে পড়েন বহু অতিথি। উদ্ধারকাজে নামে দমকলের একাধিক ইঞ্জিন।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে গুরুতর অনিয়মের অভিযোগ। জানা গিয়েছে, সংশ্লিষ্ট হোটেলটির জন্য মাত্র ছয়টি ঘরের অনুমোদন ছিল। অথচ সেখানে ২৫টিরও বেশি ঘর তৈরি করে ব্যবসা চালানো হচ্ছিল। ফলে নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ৯টা ৪৫ মিনিট নাগাদ হোটেলের বেসমেন্টে থাকা ‘লেমন গ্রিন’ নামের রেস্তরাঁ থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ঘটনার তদন্ত চলছে। হোটেলের অনুমোদন, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক তদারকি নিয়ে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এদিকে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

Related posts

Leave a Comment