33 C
Kolkata
June 1, 2026
টিভি-ও-সিনেমা

ঐশ্বর্যকে নিয়ে ট্রোলিং, মুখ খুললেন মাধুরী

মুম্বাই — কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্য রাই বচ্চনকে ঘিরে নেটমাধ্যমে হওয়া কটাক্ষ এবং শারীরিক গঠন নিয়ে মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তাঁর স্পষ্ট বক্তব্য, একজন শিল্পীর সাফল্যকে কখনও তাঁর বয়স, চেহারা বা পোশাকের মাপে বিচার করা উচিত নয়।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় একাধিক সাজে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। সেই উপস্থিতি ঘিরে যেমন প্রশংসা হয়েছে, তেমনই নেটমাধ্যমের একাংশে তাঁকে নিয়ে সমালোচনাও শুরু হয়। বিশেষ করে তাঁর চেহারা এবং পোশাক নিয়ে নানা মন্তব্য করা হয়।

এই প্রসঙ্গে মাধুরী বলেন, ঐশ্বর্য বহু বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে চলেছেন। বিশ্বসুন্দরীর খেতাব জয়ের পর থেকে তিনি যে সাফল্যের যাত্রাপথ তৈরি করেছেন, তা দেশের জন্য গর্বের। তাঁর অর্জনকে উপেক্ষা করে শুধুমাত্র বাহ্যিক চেহারা নিয়ে আলোচনা করা অনুচিত বলেই মনে করেন মাধুরী।

অভিনেত্রীর মতে, নারীদের শুধুমাত্র চেহারা দিয়ে বিচার করার প্রবণতা সমাজে ভুল বার্তা দেয়। এতে নতুন প্রজন্মের মেয়েদের কাছে এমন ধারণা পৌঁছয় যে, তাঁদের মূল্য শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভরশীল। অথচ প্রতিভা, পরিশ্রম এবং সাফল্যই একজন মানুষের প্রকৃত পরিচয়।

এবারের কান উৎসবে ঐশ্বর্যের একাধিক সাজ বিশেষভাবে নজর কেড়েছে। আধুনিক ধাতব নকশার পোশাক, সাদা টাক্সেডো এবং নান্দনিক গাউনে দেখা গিয়েছে তাঁকে। ফ্যাশন বিশেষজ্ঞদের একাংশের মতে, সাম্প্রতিক বছরগুলির মধ্যে এটিই ছিল ঐশ্বর্যের অন্যতম সেরা কান উপস্থিতি।

এই বিতর্কে এর আগেও অভিনেত্রী কঙ্গনা রানাউত ঐশ্বর্যের পাশে দাঁড়িয়েছিলেন। বয়স নিয়ে কটাক্ষের বিরোধিতা করে তিনি ঐশ্বর্যের আত্মবিশ্বাসের প্রশংসা করেন।

উল্লেখযোগ্যভাবে, কান উৎসব চলাকালীন একটি ভিডিওতে দেখা যায়, অনুরাগীদের সঙ্গে হাসিমুখে কথা বলছেন ঐশ্বর্য, অটোগ্রাফ দিচ্ছেন এবং ছবি তুলছেন। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে আরাধ্যাও। তবে উৎসব চলাকালীন আরাধ্যাকেও নেটমাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।

২০০২ সালে ‘দেবদাস’ ছবির প্রিমিয়ারের মাধ্যমে প্রথম কান চলচ্চিত্র উৎসবে পা রেখেছিলেন ঐশ্বর্য। পরের বছরই তিনি উৎসবের বিচারকমণ্ডলীর সদস্য হন। সেই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী এই সম্মান পেয়েছিলেন।

Related posts

Leave a Comment