33 C
Kolkata
June 1, 2026
খেলা

নরওয়ে চেসে হার গুকেশ-প্রজ্ঞানানন্দের

অসলো — নরওয়ে চেসের ষষ্ঠ রাউন্ডে নাটকীয় লড়াইয়ের সাক্ষী থাকল দাবা বিশ্ব। তিনটি ক্লাসিক্যাল ম্যাচেই মিলল নির্ধারিত ফল। তবে দিনটি সুখকর হয়নি ভারতের দুই তারকা দাবাড়ু ডি গুকেশ এবং আর প্রজ্ঞানানন্দের জন্য। দু’জনকেই হার মানতে হয়েছে প্রতিপক্ষের কাছে।

সবচেয়ে বড় অঘটন ঘটান জার্মানির ভিনসেন্ট কিমার। বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশকে পরাজিত করে তিনি চমক দেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিলেন কিমার। ধীরে ধীরে সুবিধাজনক অবস্থান তৈরি করে শেষ পর্যন্ত নিখুঁত খেলায় জয় ছিনিয়ে নেন তিনি।

অন্যদিকে ভারতের আর প্রজ্ঞানানন্দকে হারিয়েছেন মার্কিন গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সো। দীর্ঘ সময় ধরে লড়াই চললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে নিয়ন্ত্রণ ধরে রাখেন ওয়েসলি। শেষপর্যায়ে সেই সুবিধাকেই জয়ে পরিণত করেন তিনি।

দিনের অন্যতম আকর্ষণীয় ম্যাচে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন পরাজিত করেন টুর্নামেন্টের তৎকালীন শীর্ষস্থানে থাকা আলিরেজা ফিরৌজাকে। সাদা ঘুঁটি নিয়ে খেলতে নেমে কৌশলগত লড়াইয়ে ধীরে ধীরে এগিয়ে যান কার্লসেন। শেষ পর্যন্ত এন্ডগেমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে গুরুত্বপূর্ণ জয় তুলে নেন তিনি। এই টুর্নামেন্টে ফিরৌজার এটিই প্রথম ক্লাসিক্যাল পরাজয়।

ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন ওয়েসলি সো। তাঁর পিছনেই রয়েছেন আলিরেজা ফিরৌজা। ফলে শিরোপার লড়াই আরও জমে উঠেছে।

মহিলা বিভাগেও ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। একমাত্র ক্লাসিক্যাল জয়টি এসেছে বর্তমান মহিলা বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুনের হাত ধরে। তিনি ভারতের দিব্যা দেশমুখকে পরাজিত করেন। দীর্ঘ লড়াইয়ের পর এন্ডগেমে নিজের অভিজ্ঞতার ছাপ রেখে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করেন জু।

বিবিসারা আসাউবায়েভা ও কোনেরু হামপির ক্লাসিক্যাল ম্যাচ ড্র হলেও আর্মাগেডন পর্বে জয় পান বিবিসারা। অন্যদিকে আনা মুজিচুক ও ঝু জিনারের ম্যাচও ড্র হয়। পরে আর্মাগেডনে অতিরিক্ত পয়েন্ট তুলে নেন ঝু জিনার।

ষষ্ঠ রাউন্ড শেষে মহিলা বিভাগে ৯.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন বিবিসারা আসাউবায়েভা। ৮.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিব্যা দেশমুখ। ৮ পয়েন্ট নিয়ে যৌথ তৃতীয় স্থানে রয়েছেন জু ওয়েনজুন এবং আনা মুজিচুক।

Related posts

Leave a Comment