May 8, 2026
রাজ্য

বিজেপি পরিষদীয় দলের নেতা শুভেন্দু, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ব্রিগেডে

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বড় পরিবর্তনের আনুষ্ঠানিক সিলমোহর পড়ল বিজেপি পরিষদীয় দলের বৈঠকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিজেপির নবনির্বাচিত বিধায়কেরা সর্বসম্মতভাবে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা হিসেবে নির্বাচন করেছেন। এর ফলে কার্যত নিশ্চিত হয়ে গেল, রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী।

শুক্রবার বিকেলে কলকাতায় অনুষ্ঠিত বিজেপি পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব এবং নবনির্বাচিত বিধায়কেরা। বৈঠকে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করা হলে কোনও বিরোধিতা ছাড়াই তা গৃহীত হয়। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁকে বিধানসভা দলনেতা ঘোষণা করা হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের অন্যতম প্রধান মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠন পরিচালনার দক্ষতার কারণেই দল তাঁর উপর ভরসা রেখেছে বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যাতেই শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারেন। সেখানে রাজ্যপালের কাছে তিনি সংখ্যাগরিষ্ঠতার সমর্থনপত্র জমা দেবেন বলে জানা গিয়েছে। এরপরই সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও দ্রুত এগোবে।

ইতিমধ্যেই কলকাতাজুড়ে শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, শনিবারের অনুষ্ঠানকে ঘিরে বড় আকারের শক্তিপ্রদর্শনের পরিকল্পনা করছে বিজেপি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস তুঙ্গে। শুক্রবার থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় দলীয় পতাকা, আবির এবং মিছিলের ছবি সামনে এসেছে। বহু কর্মীর বক্তব্য, বাংলার রাজনৈতিক পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

নতুন সরকারের সম্ভাব্য অগ্রাধিকার নিয়েও ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক রদবদল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং শিল্প বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে বিজেপি সূত্রে ইঙ্গিত মিলেছে।

Related posts

Leave a Comment