কলকাতা — ভোটগণনার আগে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করল নির্বাচন কমিশন। প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অজয় নন্দ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৈঠকে নিরাপত্তার বিভিন্ন দিক বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। কোথাও কোনও ফাঁকফোকর রয়েছে কি না, তা খুঁটিয়ে দেখা হয়েছে। পুলিশের পাশাপাশি আধাসেনার ভূমিকা নিয়েও বিশেষ আলোচনা হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলীয় সমর্থকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলে জানা গিয়েছে।
শহরের যাদবপুরের আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের গণনা কেন্দ্রও পরিদর্শন করেন পুলিশ কমিশনার। তাঁর সঙ্গে ছিলেন শীর্ষ পুলিশ আধিকারিকরা। নিরাপত্তার খুঁটিনাটি দিক খতিয়ে দেখা হয় এই পরিদর্শনে।
অজয় নন্দ জানান, ‘গণনার দিন কীভাবে দায়িত্ব পালন করতে হবে, কারা ভিতরে প্রবেশ করতে পারবেন এবং বাহিনীর ভূমিকা কী হবে, তা স্পষ্টভাবে জানানো হয়েছে। নির্দিষ্ট নির্দেশিকা মেনেই সব কিছু করতে হবে।’
প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে ভোটগণনা সম্পন্ন করতেই এই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
