প্রধানমন্ত্রী Narendra Modi-র নৌকাভ্রমণের মাঝি হয়ে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী রইলেন গৌরাঙ্গ বিশ্বাস। শুক্রবার সকালে গঙ্গার বুকে প্রধানমন্ত্রীর নৌকা বাওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
গৌরাঙ্গ বিশ্বাস জানান, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি জানতেন না যে তাঁর নৌকাতেই উঠবেন দেশের প্রধানমন্ত্রী। হঠাৎ করেই Narendra Modi এসে তাঁর নাম জানতে চান। সেই মুহূর্তে তিনি কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।
তিনি বলেন, ‘আমি কোনওদিন ভাবতেই পারিনি, আমার নৌকায় প্রধানমন্ত্রী উঠবেন। উনি কিছুক্ষণ গঙ্গার বুকে ঘুরলেন, নিজের ক্যামেরায় ছবিও তুললেন। আমি নৌকাটা নদীর মাঝামাঝি নিয়ে গিয়েছিলাম।’
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ পাননি বলে জানান গৌরাঙ্গ। ভাষাগত সমস্যার কারণে কথোপকথনও খুব বেশি এগোয়নি। তিনি বলেন, ‘উনি আমার নাম জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি। তারপর ইশারায় মাঝনদীতে যেতে বলেন। আমি সেটাই করি।’
গৌরাঙ্গর কথায়, আগে তিনি চলচ্চিত্র জগতের কিছু তারকার জন্য নৌকা চালিয়েছেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর জন্য নৌকা চালানোর অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা।
এদিন সকালে নিজের সামাজিক মাধ্যমে গঙ্গাবিহারের ছবি পোস্ট করেন Narendra Modi। সেখানে তিনি গঙ্গার সঙ্গে বাংলার আত্মিক সম্পর্কের কথাও তুলে ধরেন।
