প্রথম দফার ভোট শেষ হতেই বাংলায় পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, উচ্চহারের ভোটদানই প্রমাণ করছে রাজ্যের মানুষ শাসক দলের বিরুদ্ধে মত দিয়েছেন।
শাহের কথায়, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে অন্তত ১১০টির বেশি আসনে জয় পেতে চলেছে বিজেপি। তিনি বলেন, ‘ভোট যত এগোবে, ততই পরিষ্কার হবে যে বাংলায় এবার বিপুল সমর্থন নিয়ে নতুন সরকার গড়ে উঠবে।’
রাজ্যে বিজেপির উত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একসময় মাত্র ৩টি আসন ছিল দলের ঝুলিতে। সেখান থেকে লড়াই করে ৭৭-এ পৌঁছনো সম্ভব হয়েছে। তাঁর মতে, সেই কঠিন পরিস্থিতি এখন অনেকটাই বদলে গিয়েছে।
শাহ দাবি করেন, মানুষের মধ্যে শাসক সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমেছে। এই পরিস্থিতিকে তিনি ‘ভোটের সুনামি’ বলে উল্লেখ করেন। তাঁর বক্তব্য, আগে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদান থেকে বিরত রাখা হত, কিন্তু এবার সেই চিত্র পাল্টেছে।
তিনি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রথম দফায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোনও প্রাণহানি ছাড়াই ভোট হওয়াকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে শাহ বলেন, প্রধানমন্ত্রী যা-ই করেন, তার বিরোধিতা করাই এখন অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। তাঁর দাবি, গঠনমূলক কাজের বদলে বিরোধিতাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজনৈতিক মহলের মতে, প্রথম দফার ভোটের পর এই ধরনের বক্তব্য নির্বাচনী লড়াইকে আরও তীব্র করে তুলবে।
next post
