ফ্ল্যাট প্রতারণা মামলায় নতুন করে মোড় নিল তদন্ত। অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।
অভিযোগের কেন্দ্রে রয়েছে রাজারহাটের একটি আবাসন প্রকল্প। অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। এই ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার পরিচালনা পর্ষদের সঙ্গে নুসরতের নাম জড়িয়ে যায়। যদিও তিনি বারবার দাবি করেছেন, এই অভিযোগ ভিত্তিহীন।
তদন্তকারীদের দাবি, নতুন কিছু নথি ও তথ্য হাতে আসায় মামলাটি ফের সক্রিয় করা হয়েছে। সেই সূত্র ধরেই নুসরতকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এর আগে ২০২৩ সালে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন তিনি।
অন্যদিকে, জানা গিয়েছে নির্দিষ্ট দিনে কলকাতায় উপস্থিত থাকতে অসুবিধার কথা জানিয়েছেন নুসরত। তিনি দিল্লিতে থাকবেন বলে জানিয়েছেন এবং সেখানেই জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছেন। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। নির্বাচন ঘনিয়ে আসতেই এই তলবের সময় নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে আগামী দিনে এই মামলার গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে সকলের।
