সংবাদ কলকাতা: বাগবাজারের গৌড়ীয় মঠে শুরু হয়েছে চন্দনযাত্রা মহোৎসব, যা আগামী ১০ মে পর্যন্ত চলবে টানা ২১ দিন। প্রতিদিন সন্ধ্যায় মঠ প্রাঙ্গণে ভক্তদের ভিড়ে তৈরি হচ্ছে এক অনন্য ধর্মীয় আবহ।
সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে নামসংকীর্তন, পূজা ও নানা ধর্মীয় আচার। গ্রীষ্মের তাপ থেকে শ্রীকৃষ্ণকে শীতল রাখতে চন্দন ও সুগন্ধি ফুল অর্পণের মধ্য দিয়েই এই উৎসবের প্রধান তাৎপর্য ফুটে ওঠে।
গৌড়ীয় মঠের আচার্য ও সভাপতি ভক্তি সুন্দর সন্নাসী মহারাজ বলেন, ‘চন্দন ও ফুলের মাধ্যমে কৃষ্ণের অঙ্গ শীতল রাখা হয়, যা ভক্তদের গভীর ভক্তিভাবের প্রকাশ।’ তিনি আরও জানান, ‘এই উৎসব ভক্তদের আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতির পথ দেখায়।’
প্রতিদিন সন্ধ্যার আরতি ও কীর্তনে মুখরিত হয়ে উঠছে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারাও এই ভক্তিমূলক পরিবেশে অংশ নিচ্ছেন।
