করাচি — আইপিএলে খেলতে গিয়ে বড় শাস্তির মুখে পড়লেন জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগ থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর জেরে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২৯ বছর বয়সী এই পেসার প্রথমে কোনও লিগেই দল পাননি। পরে পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড তাঁকে দলে নেয়। কিন্তু শেষ মুহূর্তে সেই লিগ ছেড়ে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি।
এই সিদ্ধান্তের পরেই কড়া অবস্থান নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, পরবর্তী দু’টি মরসুমে তিনি পাকিস্তান সুপার লিগে অংশ নিতে পারবেন না।
বোর্ডের বক্তব্য, চুক্তিবদ্ধ থাকার পরেও হঠাৎ করে সরে দাঁড়ানো পেশাদার খেলাধুলার নীতির পরিপন্থী। এতে লিগের মর্যাদা এবং পেশাদার পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়।
এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সেই বার্তাও দিতে চেয়েছে বোর্ড।
উল্লেখ্য, আইপিএলে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছেন মুজারাবানি। প্রথম ম্যাচে উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে চার উইকেট নিয়ে নজর কেড়েছেন তিনি।
ক্রিকেট মহলের একাংশের মতে, এই ঘটনায় আন্তর্জাতিক লিগগুলির মধ্যে চুক্তি সংক্রান্ত জটিলতা নতুন করে সামনে এল।
