April 5, 2026
বিদেশ

কলকাতা পর্যন্ত হামলার হুঁশিয়ারি পাকিস্তানের, ভারতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

সিয়ালকোট — ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তাঁর দাবি, ভারত নাকি নতুন করে একটি ‘সাজানো’ হামলার পরিকল্পনা করছে, যেখানে নিজেদের নাগরিকদের পাশাপাশি জেলে থাকা পাকিস্তানিদেরও ব্যবহার করা হতে পারে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একটি পরিকল্পিত অভিযানের ছক কষা হচ্ছে। অভিযোগ, সেই পরিকল্পনায় মৃতদেহ দেখিয়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সাফল্যের দাবি তুলে ধরার চেষ্টা হতে পারে। যদিও এই অভিযোগের পক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ দেখাতে পারেনি পাকিস্তান।

পাকিস্তানের দাবি, গোয়েন্দা সূত্রে তারা এই পরিকল্পনার খবর পেয়েছে। এমনকি কাশ্মীরের বাসিন্দাদেরও এই চক্রান্তে ব্যবহার করা হতে পারে বলেও অভিযোগ করা হয়েছে। যদিও ভারতের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই প্রসঙ্গেই সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তাঁর দাবি, যদি এমন কোনও পরিস্থিতি তৈরি হয়, তবে তার জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়া কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে।

এক বছর আগে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গও টেনে আনেন তিনি। সেই ঘটনার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছিল। সেই অভিজ্ঞতার উল্লেখ করেই নতুন করে সতর্কবার্তা দিয়েছেন আসিফ।

এছাড়া ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-কেও সতর্ক করেছেন তিনি। উস্কানিমূলক মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

তবে এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। আন্তর্জাতিক মহলেও এই ধরনের বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও বিভিন্ন মহলে এই অভিযোগকে ভিত্তিহীন বলেই মনে করা হচ্ছে।

Related posts

Leave a Comment