25 C
Kolkata
March 26, 2026
কলকাতা

পশ্চিম এশিয়ার যুদ্ধ ঘিরে জ্বালানি দুশ্চিন্তা— মুখ্যমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকলেন মোদী, বয়কটের ইঙ্গিত মমতার

কলকাতা— পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ তীব্র আকার নেওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে রাজ্যগুলির তৈলভাণ্ডার ও এলপিজি গ্যাস মজুত খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। রাজ্যগুলির প্রস্তুতি, জ্বালানি মজুত এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই মূলত আলোচনা হবে।

তবে এই বৈঠক ঘিরে রাজনৈতিক টানাপোড়েনও তৈরি হয়েছে। সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বয়কট করতে পারেন। তৃণমূলের অভিযোগ, এত বড় আন্তর্জাতিক ইস্যুতে সংসদে স্পষ্ট অবস্থান না নিয়ে রুদ্ধদ্বার বৈঠক ডাকা ঠিক নয়।

তৃণমূল বরাবরই এই বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি জানিয়েছে। তাদের মতে, দেশের মানুষকে স্পষ্টভাবে জানানো উচিত কেন্দ্রের পরিকল্পনা কী। গোপন বৈঠকের বদলে স্বচ্ছতা জরুরি বলেই মত শাসক দলের।

অন্যদিকে কেন্দ্রের দাবি, এখনও দেশে জ্বালানির তীব্র সংকট তৈরি হয়নি। তবে ভবিষ্যতের সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইথানল উৎপাদন বাড়ানো এবং বিকল্প জ্বালানির উপর জোর দেওয়ার কথাও জানানো হয়েছে।

তবে বাস্তব পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বহু জায়গায় এখনও এলপিজি গ্যাসের সরবরাহ নিয়মিত নয়। ২৫ দিনের আগে বুকিং করা যাচ্ছে না, ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে।

উল্লেখ্য, বাংলা-সহ পাঁচটি রাজ্যে সামনে বিধানসভা নির্বাচন। নির্বাচন আচরণবিধি জারি থাকায় ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বদলে মুখ্যসচিবরা বৈঠকে যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে।

রাজনৈতিক মহলের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি এই বৈঠক ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তীব্র হতে পারে। তবে তৃণমূলের স্পষ্ট বক্তব্য, মানুষের স্বার্থে স্বচ্ছ ও দায়বদ্ধ অবস্থান নেওয়াই সবচেয়ে জরুরি।

Related posts

Leave a Comment