রান্নার গ্যাসের দামে নতুন করে বৃদ্ধি ঘিরে দেশজুড়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। একই সঙ্গে সংসারের বাড়তি খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। শনিবার রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি গৃহস্থালির এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা ৫০ পয়সা বাড়ানোর ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের চাপের কারণেই এই দাম বৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত সামনে আসতেই শাসক দল এবং বিরোধীদের মধ্যে মতভেদের তীব্রতা বাড়ে। একদিকে সরকারপক্ষ এই বৃদ্ধি সামান্য বলে দাবি করেছে, অন্যদিকে বিরোধীদের অভিযোগ এতে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ পড়বে।
ভারতীয় জনতা পার্টির সাংসদ প্রবীণ খণ্ডেলওয়াল দাম বৃদ্ধিকে সমর্থন করে বলেন, ‘মূল্যস্ফীতি সূচকের নিরিখে এই বৃদ্ধি খুবই সামান্য। গোটা বিশ্বেই জ্বালানির দাম বাড়ছে। বিরোধীদের কাজই হল বিষয়টি নিয়ে অযথা হইচই করা।’
অন্যদিকে বিরোধী শিবির এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। কংগ্রেস নেতা অখিলেশ প্রসাদ সিং বলেন, ‘এটা অবশ্যই উদ্বেগের বিষয়। ইতিমধ্যেই বাজারে মূল্যবৃদ্ধির চাপ রয়েছে। তার মধ্যে গ্যাসের দাম বাড়লে সাধারণ মানুষের উপর আরও বোঝা বাড়বে। সরকারের উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা।’
কংগ্রেসের আর এক নেতা উদিত রাজও প্রশ্ন তুলেছেন এই সিদ্ধান্ত নিয়ে। তার বক্তব্য, ‘গতকাল পর্যন্ত বলা হচ্ছিল দেশে গ্যাসের কোনও সংকট নেই। তাহলে হঠাৎ করে দাম বাড়ল কীভাবে? মানুষ অন্ধ অনুসারীতে পরিণত হয়েছে।’
এদিকে দাম বাড়ার খবরে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। আসামের গুয়াহাটির এক গৃহবধূ জানিয়েছেন, মধ্যবিত্ত পরিবারগুলির উপর এর প্রভাব সরাসরি পড়বে। তার কথায়, ‘আমি একটি মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ। হঠাৎ শুনলাম গৃহস্থালির সিলিন্ডারের দাম ৬০ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১১৫ টাকা বেড়েছে। আমাদের পরিবারে আমার স্বামীই একমাত্র উপার্জন করেন। এতে মধ্যবিত্ত পরিবারের পক্ষে সংসার চালানো আরও কঠিন হয়ে যাবে।’
উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক বাসিন্দাও একই উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘সিলিন্ডার আনতে গিয়ে দেখলাম ৬০ টাকা বেড়েছে। মূল্যবৃদ্ধি চলতে থাকলে আয় থেকে খরচই বেশি হয়ে যাবে।’
দিল্লির এক বাসিন্দা অনিতা জানিয়েছেন, রাজধানীতে জীবনযাত্রার খরচ আগেই বেশি। তার কথায়, ‘দাম বাড়লে দিল্লিতে থাকা আরও কঠিন হয়ে যাবে। আমাদের একটি সিলিন্ডার এক মাসও চলে না। এতে সংসারে অনেক সমস্যা তৈরি হবে।’
