ছত্তিশগড়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে নবগঠিত ‘রাজ্য নীতি আয়োগ’ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই। বৃহস্পতিবার নয়া রায়পুরের নীতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ওই অনুষ্ঠানে প্রাক্তন আইএএস অফিসার গণেশ শঙ্কর মিশ্র রাজ্য নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের জন্য মিশ্রকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, গবেষণা-ভিত্তিক নীতিনির্ধারণ এবং বিভিন্ন দফতরের মধ্যে সমন্বয় জোরদার করার মাধ্যমে এই প্রতিষ্ঠান রাজ্যের উন্নয়ন কর্মসূচিকে কৌশলগত দিশা দেবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাই বলেন, রাজ্য নীতি আয়োগ একটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি, তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কার্যকর নীতিগত সমন্বয়ের মাধ্যমে এটি ছত্তিশগড়ের উন্নয়নকে নতুন গতি দেবে। পাশাপাশি ভবিষ্যতের অর্থনৈতিক ও সামাজিক চাহিদা মোকাবিলায় সরকারের নীতি প্রণয়নে সহায়তা করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ছত্তিশগড় সরকারও ‘ভিশন ডকুমেন্ট ২০৪৭’ তৈরি করেছে। এতে রাজ্যের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও অর্থনৈতিক সম্প্রসারণের রূপরেখা তুলে ধরা হয়েছে।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, পরিকল্পনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠন দেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ কর্মসূচির মতো উদ্যোগ দেশের পিছিয়ে থাকা জেলাগুলিতে উন্নয়নের সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে। ছত্তিশগড়ের কয়েকটি জেলাও এর সুফল পেয়েছে বলে জানান তিনি।
সাই আরও বলেন, নীতি আয়োগের অন্যতম শক্তি হল স্থানীয় মানুষের বাস্তব প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা। সেই ধারণা থেকেই বিভিন্ন রাজ্যে ‘রাজ্য নীতি আয়োগ’ গঠন করা হয়েছে, যাতে রাজ্য স্তরে দীর্ঘমেয়াদি নীতিনির্ধারণ আরও শক্তিশালী হয়।
সরকার স্বচ্ছতা, সুশাসন এবং জনঅংশগ্রহণের মাধ্যমে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মুখ্যমন্ত্রী। রাজ্য নীতি আয়োগ থেকে যে গঠনমূলক সুপারিশ আসবে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত ভাইস চেয়ারম্যান গণেশ শঙ্কর মিশ্র বলেন, মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাইয়ের নেতৃত্বে ছত্তিশগড় উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে। যৌথ প্রচেষ্টার মাধ্যমে রাজ্য নীতি আয়োগ ভবিষ্যতমুখী নীতি প্রণয়ন করে রাজ্যকে আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা, বনমন্ত্রী কেদার কাশ্যপ, বিধায়ক লতা উসেন্দি ও অমর আগরওয়াল, ধামতারি মেয়র রামু রোহরা, স্টেট পলিসি কমিশনের সদস্য ড. কে সুব্রহ্মণ্যম, সদস্য-সচিব আশীষ ভট্ট, সচিব ভূবনেশ যাদব সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা।
