31 C
Kolkata
March 5, 2026
দেশ বিদেশ

ওমান উপসাগরে ‘স্কাইলাইট’ তেলবাহী জাহাজে হামলা, নিহত দুই ভারতীয় নাবিক

ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে এসেছে। যদিও সরকারি ভাবে এখনও চূড়ান্ত নিশ্চিত করা হয়নি, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নিহত দুই নাবিক হলেন বিহারের বাসিন্দা ক্যাপ্টেন আশিস কুমার এবং রাজস্থানের ক্রু সদস্য দলীপ সিং।

প্রতিবেদন অনুযায়ী, হামলার ফলে জাহাজে আগুন ধরে যায় এবং তাতে গুরুতরভাবে দগ্ধ হন দুই নাবিক। উদ্ধারকারী দল পরে জাহাজ থেকে তাঁদের দেহাবশেষ উদ্ধার করে। জানা গিয়েছে, ক্যাপ্টেন আশিস কুমারের কেবিন থেকে তাঁর হাড়গোড় উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যদের এই খবর জানানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পর্যন্ত আশিস কুমারকে নিখোঁজ বলেই ধরে নেওয়া হয়েছিল। কিন্তু মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে।

পালাউ পতাকাবাহী তেলবাহী জাহাজ ‘স্কাইলাইট’-এ মোট ২০ জন কর্মী ছিলেন। তাঁদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি নাগরিক। গত ১ মার্চ ওমান উপসাগরে এই জাহাজের উপর হামলা চালানো হয়। পরে ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, খাসাব বন্দরের উত্তর দিকে প্রায় ৫ নটিক্যাল মাইল দূরে জাহাজটিকে লক্ষ্য করে হামলা হয়েছিল। হামলার পর জাহাজে থাকা সব নাবিককেই উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়।

এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন পশ্চিম এশিয়ায় উত্তেজনা ক্রমশ বাড়ছে। আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হয়েছে। এর জেরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে।

আমেরিকা ও ইজ়রায়েল দাবি করেছে, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করতেই এই সামরিক হামলা চালানো হয়েছে। তবে ইরানের অভিযোগ, পরমাণু চুক্তি নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছনোর সময়েই এই হামলা চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান এই সংঘাতের আবহেই ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা এবং দুই ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

Related posts

Leave a Comment