24 C
Kolkata
February 28, 2026
রাজ্য

চূড়ান্ত ভোটার তালিকায় বাদ প্রায় ৬৪ লক্ষ, ‘বিচারাধীন’ ৬০ লক্ষ নাম নিয়ে বাড়ছে উদ্বেগ

প্রতিনিধিত্বমূলক চিত্র

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বহু প্রতীক্ষিত বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষে প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা। প্রকাশিত তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে মোট নথিভুক্ত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। সাত কোটির গণ্ডি পেরোলেও তালিকা ঘিরে বিতর্ক ও অনিশ্চয়তা কাটেনি।

আগেই মৃত ও স্থানান্তরিত ভোটার মিলিয়ে প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার নাম বাদ পড়েছিল। এবার চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অন্যদিকে ‘বিচারাধীন’ অবস্থায় ঝুলে রয়েছে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের ভবিষ্যৎ।

খসড়া বনাম চূড়ান্ত তালিকা
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০। সংশোধনী প্রক্রিয়ায় নতুন করে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের নাম যুক্ত হয়েছে। বিশেষ অনুমতিতে অন্তর্ভুক্ত হয়েছেন আরও ৬ হাজার ৬৭১ জন।

সব মিলিয়ে মৃত্যু, স্থানান্তর এবং নথিগত অসঙ্গতির কারণে মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছে।

বিচারাধীন’ নাম ঘিরে বিতর্ক
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ৬০ লক্ষেরও বেশি ‘বিচারাধীন’ ভোটারকে ঘিরে। কমিশনের বক্তব্য, সংশ্লিষ্ট দপ্তরগুলির মতপার্থক্যের জেরে বিষয়টি বিচারিক পর্যবেক্ষণে গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারকদের তত্ত্বাবধানে ধাপে ধাপে এই নামগুলির নিষ্পত্তি হবে। ফলে ভবিষ্যতে ভোটার সংখ্যায় আরও পরিবর্তন আসতে পারে।

লিঙ্গভিত্তিক চিত্র

  • পুরুষ ভোটার: ৩ কোটি ৬০ লক্ষ ২২ হাজার ৭২৮
  • মহিলা ভোটার: ৩ কোটি ৪৪ লক্ষ ৩৫ হাজার ১৭৬
  • তৃতীয় লিঙ্গ: ১,৩৮০

কলকাতার বালিগঞ্জ, ভবানীপুর ও বেহালায় মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলক বেশি। সীমান্তবর্তী কোচবিহার ও উত্তর দিনাজপুরের কয়েকটি কেন্দ্রে উল্লেখযোগ্য ওঠানামা লক্ষ্য করা গিয়েছে।

জেলাওয়ারি চিত্র
দক্ষিণ ২৪ পরগনায় ভোটার সংখ্যা সর্বাধিক। মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূমেও বিপুল সংখ্যক ভোটার রয়েছেন। বিধানসভা কেন্দ্রের নিরিখে দাসপুরে ভোটার সংখ্যা সর্বোচ্চ— ২ লক্ষ ৯৯ হাজার ৪৩০। অন্যদিকে কলকাতার চৌরঙ্গীতে সর্বনিম্ন— ১ লক্ষ ৩৫ হাজার ৩৫০

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal বলেন, শুনানির পরই নাম বাদ দেওয়া হয়েছে। এত বড় প্রক্রিয়ায় সামান্য ভুলভ্রান্তি অস্বাভাবিক নয়। ইচ্ছাকৃত ত্রুটি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি ভোটারদের নির্ভয়ে ভোটে অংশ নেওয়ার আহ্বান জানান।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, মোট ১ কোটি ৪২ লক্ষ ভোটারের শুনানি নেওয়া হয়েছিল। এর মধ্যে ৮২ লক্ষ নথি সঠিক বলে বিবেচিত হলেও বাকি ৬০ লক্ষের বেশি নাম নিয়ে এখনও আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও একাংশের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা রয়ে গিয়েছে। মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে বিচারাধীন নামগুলির নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এত বিপুল সংখ্যক নাম ঝুলে থাকায় আসন্ন নির্বাচন ঘিরে বিতর্ক আরও তীব্র হতে পারে।

Related posts

Leave a Comment