22 C
Kolkata
March 24, 2026
রাজ্য

৪ শতাংশ ডিএ বৃদ্ধি ও লক্ষ্মী ভাণ্ডারে ৫০০ টাকা বাড়িয়ে ৪.০৬ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ পশ্চিমবঙ্গে

পশ্চিমবঙ্গ সরকার ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম চার মাসের জন্য ৪.০৬ লক্ষ কোটি টাকার অন্তর্বর্তী বাজেট বিধানসভায় পেশ করেছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন। বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা কার্যকর হবে ১ এপ্রিল ২০২৬ থেকে।

বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনার মধ্যেও রাজ্য সরকার জনমুখী বাজেট পেশ করেছে এবং আর্থিক শৃঙ্খলা বজায় রেখেছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার মতো একাধিক প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ আটকে রেখেছে।

এই বাজেটে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় থাকা ২.৪২ কোটি মহিলা উপভোক্তাকে ফেব্রুয়ারি ২০২৬ থেকে মাসে অতিরিক্ত ৫০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর জন্য আগামী অর্থবর্ষে অতিরিক্ত ১৫,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন এপ্রিল ২০২৬ থেকে মাসে ১,০০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের জন্য ‘বাংলার যুব-সাথী’ নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, যার জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা মাসে ১,৫০০ টাকা ভাতা পাবেন সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বা চাকরি পাওয়া পর্যন্ত।

বাজেটে কৃষি, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরে বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়া চা শিল্পের স্বার্থে কৃষিজ আয়কর ও চা উৎপাদনে সেস ছাড় আরও এক বছর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

রাজ্য সরকারের মতে, এই অন্তর্বর্তী বাজেট রাজ্যের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Related posts

Leave a Comment