27 C
Kolkata
February 4, 2026
দেশ

ভারতের পরিচ্ছন্ন শক্তির ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা অরুণাচল প্রদেশের: রাজ্যপাল

অরুণাচল প্রদেশ ভারতের পরিচ্ছন্ন ও নবীকরণযোগ্য শক্তির ভবিষ্যতে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে উঠে আসছে বলে মন্তব্য করলেন রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে টি পার্ণাইক। সোমবার ইতানগরের ইন্দিরা গান্ধী পার্কে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের সময় তিনি জানান, বর্তমানে রাজ্যে ১ দশমিক ২ গিগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কার্যকর রয়েছে এবং আরও ৪ দশমিক ৮ গিগাওয়াট ক্ষমতার প্রকল্প নির্মাণাধীন।

রাজ্যপাল বলেন, রাজ্য সরকার ২০২৫ থেকে ২০৩৫ সময়কালকে ‘জলবিদ্যুৎ দশক’ হিসেবে ঘোষণা করেছে। পাশাপাশি টেকসই ও জনকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে ‘অরুণাচল প্রদেশ এনার্জি ভিশন ২০৪৭’ প্রণয়নের কাজ চলছে।

তিনি জানান, লোয়ার সুবনসিরি জলবিদ্যুৎ প্রকল্পের (মোট ক্ষমতা দুই হাজার মেগাওয়াট) একটি ২৫০ মেগাওয়াট ইউনিটে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। বাকি ইউনিটগুলি চলতি বছরের শেষ নাগাদ চালু হওয়ার কথা, যা রাজ্যের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আরও বাড়াবে।

রাজ্যপাল স্মরণ করিয়ে দেন, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৮৬ মেগাওয়াট টাটো-এক এবং ২৪০ মেগাওয়াট হেও জলবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মাধ্যমে ভারতের নবীকরণযোগ্য শক্তি রূপান্তরে অরুণাচল প্রদেশের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

তিনি আরও জানান, ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’-র আওতায় ২০৩০ সালের মধ্যে ১৫০ মেগাওয়াট ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে স্কুল ও সরকারি দপ্তরগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে প্রচলিত শক্তির উপর নির্ভরতা কমে।

পরিকাঠামো উন্নয়নের প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ডনি পোলো বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হওয়া এবং ইতানগর-দিল্লি দৈনিক সরাসরি বিমান পরিষেবা শুরু হওয়ায় আকাশপথে যোগাযোগ অনেক মজবুত হয়েছে। কলকাতার সঙ্গেও নিয়মিত বিমান পরিষেবা চালু রয়েছে।

তিনি জানান, ২০২৫ সালের আগস্ট মাসে অরুণাচল প্রদেশ বিধানসভার ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে, যা রাজ্যের গণতান্ত্রিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। পাশাপাশি গৌহাটি উচ্চ আদালতের ইতানগর স্থায়ী বেঞ্চ চালু হওয়া এবং আধুনিক ফরেনসিক বিজ্ঞান গবেষণাগার স্থাপনের ফলে বিচার ব্যবস্থাও আরও শক্তিশালী হয়েছে।

সড়ক যোগাযোগের ক্ষেত্রে ৫৫ হাজার কোটি টাকার ফ্রন্টিয়ার হাইওয়ে এবং ভাইব্র্যান্ট ভিলেজেস কর্মসূচির মাধ্যমে এক হাজার কিলোমিটারেরও বেশি রাস্তা নির্মাণ করা হচ্ছে। এতে সীমান্তবর্তী গ্রামগুলির সঙ্গে যোগাযোগ, নিরাপত্তা এবং জাতীয় সংহতি আরও মজবুত হচ্ছে। এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় এখন ভারত-মায়ানমার ও ভারত-ভুটান সীমান্তবর্তী গ্রামগুলিতেও সম্প্রসারিত হয়েছে।

বিনিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল জানান, ‘রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টরস সামিট ২০২৫’-এ ৬ হাজার ৩৭৫ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মূল লক্ষ্য সবুজ শিল্প। পাশাপাশি ‘উত্তর-পূর্ব রূপান্তরমূলক শিল্পায়ন’ প্রকল্পের আওতায় ২৯টি শিল্প নথিভুক্ত হয়েছে।

নারী ক্ষমতায়নের প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যে ১৪ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন প্রায় ১ লক্ষ ৪০ হাজার মহিলা। তিন হাজার ৪০০-র বেশি স্বনির্ভর গোষ্ঠীকে স্থায়ী আমানত সহায়তা দেওয়া হয়েছে এবং ১০ হাজার ৬০০-র বেশি ‘লাখপতি দিদি’ নথিভুক্ত হয়েছেন।

স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অঙ্গ প্রতিস্থাপন প্রকল্পের মাধ্যমে গত বছর ৫১টি জীবনরক্ষাকারী প্রতিস্থাপন সম্ভব হয়েছে। ইতানগরে রাজ্য ক্যান্সার ইনস্টিটিউট নির্মাণাধীন রয়েছে। পাশাপাশি মুম্বইয়ের অরুণাচল ক্যান্সার হোম এবং ভেলোরে অরুণাচল রোগী অতিথিশালার উন্নয়নের মাধ্যমে রোগী সহায়তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

রাজ্যপাল জানান, গত এক দশকে অরুণাচল প্রদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে এগিয়েছে। রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন ২ দশমিক ৬ গুণ বেড়েছে এবং ২০২৪-২৫ অর্থবর্ষে রাজ্যের নিজস্ব আয় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ‘সরকার আপনার দ্বারে’ ও ‘সেবা আপনার দ্বারে ২.০’ উদ্যোগের মাধ্যমে এক হাজার ১০০-র বেশি শিবিরে ১৫ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হয়েছেন, বিশেষত দুর্গম ও সীমান্তবর্তী এলাকায়।

Related posts

Leave a Comment