31 C
Kolkata
March 23, 2026
রাজ্য

এসআইআর ঘিরে ধোঁয়াশা, এক কোটির বেশি ‘unmapped’ ও ‘logical discrepancy’ ভোটার—তথ্যহীন নির্বাচন কমিশনেই বাড়ছে প্রশ্ন

প্রতীকী চিত্র

কলকাতা, ২৪ জানুয়ারি: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়া ঘিরে প্রশ্নের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে। অথচ সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও অধরাই নির্বাচন কমিশনের কাছে। বিস্ময়করভাবে কমিশন নিজেই স্বীকার করেছে—কতজন ভোটারকে শুনানিতে ডাকা হয়েছে, কতজন হাজির হয়েছেন কিংবা কতজন নথি আপলোড করেছেন, তার কোনও পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য হিসাব এখনও তাদের হাতে নেই।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল ‘unmapped’ ও ‘logical discrepancy’ হিসেবে চিহ্নিত ভোটারদের সংখ্যা। নির্ভরযোগ্য সূত্রে খবর, রাজ্যে প্রায় এক কোটিরও বেশি ভোটারের নাম এই দুই ক্যাটাগরিতে পড়েছে। কিন্তু এই বিপুল সংখ্যক ভোটারের চূড়ান্ত তালিকা, কতগুলি নোটিস জারি হয়েছে, কতজন শুনানিতে উপস্থিত হয়েছেন, কতজন নথি জমা দিয়েছেন—এই সংক্রান্ত কোনও স্বচ্ছ ও নির্ভুল তথ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, গোটা প্রক্রিয়া ডিজিটাল হওয়ায় একাধিক ক্ষেত্রে অ্যাপ ও সার্ভার সংক্রান্ত প্রযুক্তিগত ত্রুটিতে তথ্য ঠিকমতো আপডেট হচ্ছে না। ফলে বাস্তবে শুনানিতে হাজির থেকেও অনেক ভোটারের নাম সিস্টেমে ‘অনুপস্থিত’ দেখাচ্ছে। কোথাও আবার নথি জমা পড়লেও তার স্ট্যাটাস বদলায়নি। এই প্রযুক্তিগত বিভ্রাটেই প্রশাসনিক বিভ্রান্তি আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে unmapped ও logical discrepancy ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করতে। কিন্তু ডেটা যাচাইয়ের অজুহাতে কমিশন এখনও সময় চাইছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তথ্য প্রকাশে এই বিলম্ব গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ত্রুটিপূর্ণ ও অপরিকল্পিত প্রক্রিয়ার ফলে সাধারণ মানুষের ভোটাধিকার সরাসরি ঝুঁকির মুখে পড়ছে। নাম কাটার আতঙ্ক, নোটিসের অনিশ্চয়তা, শুনানির তথ্যের গরমিল—সব মিলিয়ে মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি বাড়ছে। যদিও নির্বাচন কমিশনের দাবি, ‘কাউকে বাদ দেওয়ার কোনও উদ্দেশ্য নেই’। তবে তথ্যের স্বচ্ছতা, নির্ভুল পরিসংখ্যান ও স্পষ্ট ব্যাখ্যার অভাবেই এখন গোটা এসআইআর প্রক্রিয়া গভীর প্রশ্নের মুখে।

রাজ্য রাজনীতির অন্দরমহলের মতে, এসআইআর শুধু প্রশাসনিক প্রক্রিয়া নয়, এটি এখন একটি গুরুতর গণতান্ত্রিক সংকটের ইঙ্গিত দিচ্ছে। কারণ ভোটাধিকারই যদি অনিশ্চিত হয়ে ওঠে, তবে তার প্রভাব পড়বে গণতন্ত্রের মূল ভিত্তির উপরই। কমিশনের তথ্যহীনতা ও প্রযুক্তিগত ব্যর্থতা মিলিয়ে এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া নিয়ে মানুষের আস্থা ক্রমশ ভেঙে পড়ছে বলেই মনে করছে রাজনৈতিক ও নাগরিক সমাজের বড় অংশ।

Related posts

Leave a Comment