শনিবার উত্তরপ্রদেশের ছ’টি জেলায় ইন্টিগ্রেটেড কোর্ট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (সিজেআই) সূর্য কান্ত বলেন, এই উদ্যোগ গোটা দেশের জন্য একটি আদর্শ মডেল হয়ে উঠবে। তিনি জানান, সংবিধানের স্বপ্ন বাস্তবায়নে উত্তরপ্রদেশে ছ’টি ইন্টিগ্রেটেড কোর্ট কমপ্লেক্স নির্মাণের পাশাপাশি আরও চারটি ভবিষ্যতে গড়ে উঠবে, যা আগামী ৫০ বছর বা তারও বেশি সময়ের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
সিজেআই বলেন, এই আধুনিক আদালত কমপ্লেক্সগুলিতে আইনজীবী ও সাধারণ বিচারপ্রার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। জেলা বিচারব্যবস্থাকে সংবিধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জেলা স্তর শক্তিশালী হলে সাধারণ মানুষের ন্যায়বিচারের স্বপ্ন পূরণ হবে এবং বাড়ির কাছেই আদালতের সুবিধা মিলবে।অনুষ্ঠানে উপস্থিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়ে সিজেআই মন্তব্য করেন, ঐতিহাসিক ধর্মীয় স্থাপনার জন্য পরিচিত এই অঞ্চলে এবার “ন্যায়ের মন্দির” যুক্ত হল।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, রাজ্যের প্রতিটি জেলায় আদালত কমপ্লেক্স গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আশ্বাস দেন, এই প্রকল্পে অর্থের কোনও অভাব হবে না, প্রয়োজন শুধু দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪ সালের পর থেকে শুরু হওয়া বিভিন্ন সংস্কারের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াগরাজে সিজেআইয়ের প্রস্তাবের পরই রাজ্য সরকার দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়েছে।চাঁদৌলি, মহোবা, আমেঠি, শামলি, হাথরস ও ঔরাইয়ায় এই ইন্টিগ্রেটেড কোর্ট কমপ্লেক্সগুলি নির্মিত হবে।
চাঁদৌলিতে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নয়তলা আধুনিক জেলা আদালত ভবন তৈরি হবে, যেখানে ৩৭টি আদালত কক্ষ, আইনজীবীদের চেম্বার, অডিটোরিয়াম, পার্ক, ফুড কোর্ট ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। ছ’টি জেলা আদালত কমপ্লেক্স নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৬৩৫ কোটি টাকা।
