আগ্রার তাজমহলে বৃহস্পতিবার সম্রাট শাহজাহানের ৩৭১তম উরস শুরু হয়েছে। তিনদিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের সূচনা হয় প্রথম দিনের ‘ঘুস্ল’ (রীতিগত স্নান) অনুষ্ঠানের মাধ্যমে।বৃহস্পতিবার দুপুর ২টোর সময় তাজমহলের সেই গোপন কক্ষ (ক্রিপ্ট) খোলা হয়, যেখানে সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের সমাধি রয়েছে।
উরস কমিটির সদস্য, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-এর আধিকারিক এবং সিআইএসএফ জওয়ানদের উপস্থিতিতে সমাধিগুলির উপর গোলাপজল ছিটিয়ে দেওয়া হয় এবং গোলাপের পাপড়ির চাদর অর্পণ করা হয়।এরপর শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয় এবং দেশজুড়ে সৌহার্দ বজায় থাকার কামনা করা হয়।
উরসের দ্বিতীয় দিনে ‘স্যান্ডাল’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে সবচেয়ে বড় আয়োজন হবে তৃতীয় দিনে, যেদিন ১,৭২০ ফুট দীর্ঘ একটি বিশেষ চাদর তাজমহলে অর্পণ করা হবে।তিনদিনের উরস উপলক্ষে পর্যটকদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় দিনে দুপুর ২টার পর থেকে তাজমহলে সকল পর্যটকের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
তৃতীয় দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটকদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা থাকবে।এই উপলক্ষে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী ও পর্যটকের আগমনের সম্ভাবনা রয়েছে তাজমহলে।
