রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো ধরে নিয়ে আসতে পারে কি না আমেরিকা—এই জল্পনা উড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তিনি পুতিনের উপর “খুবই হতাশ”, তবে মাদুরোর মতো অভিযান চালিয়ে রুশ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা “প্রয়োজনীয় নয়”। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্পকে এই প্রশ্ন করা হয়। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, যেভাবে আমেরিকা ভেনেজুয়েলার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে, সেভাবেই স্বৈরশাসকদের মোকাবিলা করা উচিত।
গত সপ্তাহে মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় নাটকীয় সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাকাসের একটি নিরাপদ আশ্রয়স্থল থেকে গ্রেপ্তার করে। পরে তাঁদের আমেরিকায় নিয়ে গিয়ে মাদক পাচার ও নার্কো-সন্ত্রাসবাদের একাধিক অভিযোগে অভিযুক্ত করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়ায় জেলেনস্কি মন্তব্য করেন, যদি স্বৈরশাসকদের এভাবেই মোকাবিলা করা যায়, তবে আমেরিকা পরবর্তী পদক্ষেপ কী হবে তা ভালোভাবেই জানে—যা অনেকেই পুতিনের প্রতি ইঙ্গিত হিসেবে দেখেন। উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পর থেকেই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে।
ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামানোর চেষ্টা করেছেন, তবে এখনও পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা সম্ভব হয়নি। রাশিয়ায় ভেনেজুয়েলার মতো অভিযান চালানোর সম্ভাবনা নাকচ করলেও, ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে না পারায় নিজের হতাশার কথাও স্পষ্ট করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনের সঙ্গে তাঁর সম্পর্ক সবসময় ভালো ছিল এবং থাকবে বলেই মনে করেন, কিন্তু এই যুদ্ধ তিনি সহজেই থামাতে পারবেন ভেবেছিলেন।
