31 C
Kolkata
March 23, 2026
কলকাতা

তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী রিমঝিম, বিজেপি শিবিরে হাসির কলরোল

সংবাদ কলকাতা: ১০০ দিনের কাজে বঞ্চনা নিয়ে প্রতিবাদ। রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিবাদের চতুর্থ দিনের চমক। বিজেপি ছেড়ে সোজা অভিষেকের মঞ্চে এসে যোগদান করলেন অভিনেত্রী রিমঝিম মিত্র। এদিন সন্ধ্যে বেলা সরাসরি তৃণমূলের মঞ্চে পৌঁছে যান রিমঝিম। এরপর দলের তরফে যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ঘোষণা করেন, অভিনেত্রী তৃণমূলে যোগ দিলেন। বিজেপি নেত্রী হিসেবে বেশ পরিচিত মুখ ছিলেন রিমঝিম।

ঊনিশের লোকসভা নির্বাচনের পর ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। এমনিতে টলিপাড়ার বহু পরিচিত, জনপ্রিয় মুখ, গেরুয়া শিবির ঘেঁষা শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল চক্রবর্তী, পার্নো মিত্র, অঞ্জনা মিত্ররা নির্বাচনে লড়াইও করেছেন। সূত্রের খবর, তখন তাঁরা ভেবেছিলেন এবার বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু দল রাজ্যের ক্ষমতায় আসতে না পারায় তাঁরা বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। আগেই বিজেপি ছেড়েছেন শ্রাবন্তী। এবার রিমঝিমও পদ্ম শিবির ত্যাগ করে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। ১০০ দিনের কাজ করে কেন্দ্রের থেকে বকেয়া টাকা পাননি, এই ইস্যুতে রাজভবনের সামনে চলা তৃণমূলের ধর্না মঞ্চেই সোজা চলে গেলেন রিমঝিম। কিন্তু তাঁর এই যোগদান নিয়ে রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন।

এদিকে বিজেপি শিবিরে রিমঝিম মিত্রের তৃণমূলে যোগদান নিয়ে হাসির কলরোল উঠেছে। তাঁর যোগদান নিয়ে দেবাংশু সহ তৃণমূলের উল্লাস প্রসঙ্গে বিজেপির নেতা কর্মীরা তীব্র কটাক্ষ বাণ ছুঁড়ে দিয়েছেন। একজন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, “বিজেপির একজন বড় নেত্রী তৃণমূলে চলে গেলেন। এবার ২৪-এ মোদী আর প্রধানমন্ত্রী হতে পারবেন না।”

Related posts

Leave a Comment